মালদায় গ্যাস সিলিন্ডার না পেয়ে বিক্ষোভ, কালোবাজারির অভিযোগে রাস্তায় নামলেন গ্রাহকরা

Spread the love

মালদা,২৪ মার্চ : গ্যাসের সাবসিডির টাকা ব্যাঙ্কে ঢুকে গেলেও সিলিন্ডার না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। মঙ্গলবার দুপুরে মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় একটি গ্যাস ডেলিভারি দোকানের সামনে বিক্ষোভে সামিল হন বহু মানুষ। অভিযোগ, দীর্ঘদিন ধরে সাবসিডির টাকা ব্যাঙ্কে জমা পড়ছে, কিন্তু সময়মতো গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে না। এদিন দোকান বন্ধ থাকায় আরও উত্তেজনা বাড়ে। ক্ষুব্ধ গ্রাহকরা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন এবং দ্রুত সিলিন্ডার দেওয়ার দাবি তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে অবরোধ উঠে যায়, যদিও গ্রাহকদের ক্ষোভ কমেনি।
বিক্ষোভকারীদের অভিযোগ, গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে কালোবাজারি করা হচ্ছে। তাঁদের দাবি, সরকার থেকে ভর্তুকির টাকা মিললেও ডেলিভারি না পাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রান্নার গ্যাস না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে জানান তাঁরা।


উল্লেখ্য, আন্তর্জাতিক স্তরে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির সরবরাহে প্রভাব পড়েছে, যার জেরে বিভিন্ন জায়গায় সংকট তৈরি হয়েছে। তবে স্থানীয় স্তরে অনিয়ম ও কালোবাজারির অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *