
মালদা ৩১ মার্চ : নির্বাচনের প্রাক্কালে ফের রক্তাক্ত মালদা। শাসকের হাতে আক্রান্ত বিরোধী। কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীর উপর নৃশংস হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মালদার চাঁচল থানার শাহবাজপুর গ্রামের ঘটনা। অভিযোগ, চাঁচল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্যা নাশেদা খাতুনের স্বামী তথা কংগ্রেস নেতা মর্তুজ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। লোহার রড ও পাঞ্জা দিয়ে মাথায় আঘাত করা হয় বলে দাবি পরিবারের। ঘটনায় গুরুতর জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চোখে গুরুতর চোট লেগেছে বলেও জানা গিয়েছে।
আহত নেতার স্ত্রী নাশেদা খাতুনের অভিযোগ, এলাকার তৃণমূল কর্মী রাজেশ ও মিরাজরা বাড়িতে ঢুকে তাঁর স্বামীকে টেনে বাইরে বের করে বেধড়ক মারধর করে। লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাঁর দাবি, বেশ কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল। যদিও তাঁর স্বামী থানায় কোনও অভিযোগ করেননি, তবুও সন্দেহের বশেই এই হামলা চালানো হয়েছে। রক্ত ঝড়ল

ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আনজারুল হক এবং চাঁচল বিধানসভার কংগ্রেস প্রার্থী আসিফ মেহেবুব-সহ দলীয় নেতৃত্ব। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের ‘গুন্ডাবাহিনী’ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে তারা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রফিকুল হোসেনের দাবি, এটি কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূলের কোনও যোগ নেই এই ঘটনায়।