
মালদা , ৮ এপ্রিল : ভোটের আবহে বাড়তি নিরাপত্তা জোরদার করতে মালদায় পৌঁছাল কেন্দ্রীয় বাহিনীর বিশেষ বুলেটপ্রুফ গাড়ি। বুধবার মালদা শহরের ডিএসএ ময়দানে আসে ‘মিডিয়াম বুলেটপ্রুফ ভেহিকেল’ (MBPV) নামের এই গাড়ি, যা আনা হয়েছে জম্মু ও কাশ্মীর থেকে। অশান্তিকর পরিস্থিতি তৈরি হলে এই গাড়িতে করেই এলাকায় অভিযান চালাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সাম্প্রতিক সময়ে এসআইআরকে কেন্দ্র করে মালদা জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে মোথাবাড়ি ও সুজাপুর এলাকায় বিক্ষোভের জেরে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এর মধ্যে কালিয়াচক ২ নম্বর ব্লক দফতরে সাতজন জুডিশিয়াল অফিসারকে আটকে রাখার অভিযোগ ঘিরে পরিস্থিতি চরমে পৌঁছায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে তাঁদের উদ্ধার করা হয়। অভিযানের সময় হামলা ও রাস্তা অবরোধের ঘটনাও সামনে আসে।
এই ঘটনার পর প্রশাসন ও নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করে এবং তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে। এরই প্রেক্ষিতে মালদায় মোতায়েন করা হয়েছে এই বিশেষ গাড়ি। প্রশাসনের মতে, জেলায় নিরাপত্তা আরও মজবুত হবে।