
মালদা, ১ আগস্ট: গোটা দেশের পাশাপাশি মালদাতেও সূচনা হলো ডিজিটাল পদ্ধতিতে জনগণনা প্রক্রিয়ার কর্মসূচি। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের মালদা টাউন হলে একটি অনুষ্ঠানের মাধ্যমেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। দেশের প্রথম ডিজিটাল জনগণনা প্রক্রিয়ার প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা হল মালদায়। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুড়ি, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

উল্লেখ্য, এবারই দেশে প্রথম ডিজিটাল মাধ্যমে হচ্ছে জনগণনার কাজ। প্রথম পর্যায়ে পয়লা আগস্ট থেকে ১৫ই আগস্ট পর্যন্ত চলবে সেলফ এনুমারেশন অর্থাৎ স্বসুমারি। এই প্রক্রিয়া নাগরিকরা অফিসিয়াল জনগণনা পোর্টালে গিয়ে ঘরে বসে অনলাইনে নিজেদের পরিবারের তথ্য নিজেরাই নথিভুক্ত করতে পারবেন।