
কলকাতা, ১ নভেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে S.I.R (Special Intensive Revision) নিয়ে তপ্ত রাজ্যের রাজনৈতিক মহল। এবার এই ইস্যুতেই পথে নামছে তৃণমূল কংগ্রেস। আগামী ৪ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন এক বিশাল মিছিলে।
মিছিলটি শুরু হবে বিআর আম্বেদকর মূর্তি থেকে এবং শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। এই মিছিলের মাধ্যমে শুধু S.I.R-এর বিরোধিতাই নয়, সংবিধান রক্ষার শপথও নেবে তৃণমূল কর্মী-সমর্থকেরা।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, একই সঙ্গে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা এবং বাংলা ও বাঙালির প্রতি কেন্দ্রের অবিচার নিয়েও প্রতিবাদ জানানো হবে ওই দিনের কর্মসূচিতে।
গত ২৮ অক্টোবর সাংবাদিক সম্মেলনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি ও নির্বাচন কমিশনকে। তাঁর অভিযোগ —
“বিজেপির সহকারী সংস্থা নির্বাচন কমিশন বাংলায় S.I.R ঘোষণা করেছে উৎসবের মরসুমে। এটা ভোটার তালিকা সংশোধন নয়, বরং মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টামাত্র।”
অভিষেক আরও বলেন,
“আগে ভোটাররা সরকার বেছে নিত। এখন সরকারই ভোটার বেছে নিচ্ছে নিজের সুবিধেমতো। লক্ষ্য ত্রুটিমুক্ত ভোটার লিস্ট নয়, বরং নাম বাদ দেওয়া।”
তৃণমূলের দাবি, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ন্যায্য ভোটারদের নাম যাতে বাদ না যায়, তা নিশ্চিত করতে পথে নামছেন রাজ্যের শাসকদল।