
মালদা , ৯ সেপ্টেম্বর : একদিকে গঙ্গা,অন্যদিকে ফুলহর দুই নদীর জলে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে মালদার বিস্তীর্ণ এলাকার বন্যা পরিস্থিতি। গঙ্গার জল বিপদসীমার উপর দিয়ে বইতে থাকায় জলমগ্ন ভূতনি ও কাটাহা দিয়ারা। প্লাবিত হয়েছে দুই এলাকার প্রায় ৫৯টি গ্রাম।জল ঢুকে বিপর্যস্ত জনজীবন,চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ।
পরিস্থিতির ভয়াবহতা সরেজমিনে খতিয়ে দেখতে এবার হেলিকপ্টারে আকাশপথে পরিদর্শনে যাচ্ছেন রাজ্য ও মালদা জেলা প্রশাসনের একাধিক শীর্ষ আধিকারিক।
এই দলে রয়েছেন ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং, আইপিএস, ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, নর্থ বেঙ্গলের আইজি সুকেশ জৈন, আইপিএস,নর্থ ইরিগেশন সার্কেলের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার দিগন্ত মাইতি, মালদার জেলা শাসক রাজনবীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং।
বন্যাকবলিত এলাকা আকাশপথে পর্যবেক্ষণের পাশাপাশি পরিস্থিতি, ক্ষয়ক্ষতি ও মানুষের দুর্ভোগের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এরপর পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
গঙ্গা-ফুলহরের জলস্তর আরও বাড়লে পরিস্থিতি কোন দিকে যায় এখন সেদিকেই নজর প্রশাসনের।