
মালদা, ১৮ অগাস্ট : মালদা জেলার প্রকৃত স্বাধীনতা দিবস পালন করলো মালদা কালিতলা ক্লাব।
মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ মালদা শহরের নেতাজি মোড় এলাকায় সরাফা ভবন প্রাঙ্গণে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হয় মালদা জেলার প্রকৃত স্বাধীনতা দিবস।
উপস্থিত ছিলেন , ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা ক্লাব সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, সম্পাদক দেবব্রত সাহা, এলাকার প্রবীণ নাগরিক,ক্লাব কর্তৃপক্ষ সহ অন্যান্যরা।

১৮ অগাস্ট মালদা জেলার প্রকৃত স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ অগস্ট নয়, তার তিন দিন বাদে মালদার আকাশে উড়েছিল স্বাধীন ভারতের পতাকা। রাডক্লিফ কমিশনের সিদ্ধান্তে মালদার ১৬টি থানা চলে গিয়েছিল পূর্ব পাকিস্তানে। ১৩ অগাস্ট রাতে তার ঘোষণা করা হয়েছিল। ১৪ অগাস্ট মালদার আকাশে উড়েছিল পাকিস্তানের জাতীয় পতাকা। শেষ পর্যন্ত জেলার কয়েকজন স্বাধীনতা সংগ্রামী এবং বিদ্বজ্জনের প্রচেষ্টায় ১৬টি থানার মধ্যে ১১টিকে ফের ভারতে ফিরিয়ে দেওয়া হয়। ১৭ অগাস্ট রাতে সেই ঘোষণা করা হয়। ১৮ অগাস্ট মালদার তৎকালীন জেলা প্রশাসনিক ভবনের মাথায় উড়ে তেরঙ্গা।
সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর ১৮ অগাস্ট এই জেলায় পালিত হয় মালদার ভারতভূক্তি দিবস।
মঙ্গলবার সাড়ম্বরে পালিত হয় মালদা জেলার প্রকৃত স্বাধীনতা দিবস।