ইটাহারের বেলডাঙ্গী গ্রামের ছাত্রের সাফল্য, NEET-2026-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৫৬৫৮

Spread the love

ইটাহার, ১৭ জুলাই: NEET-2026 পরীক্ষার ফল প্রকাশের পর উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বেলডাঙ্গী গ্রামে নেমেছে খুশির জোয়ার। ইটাহার থানার অন্তর্গত ছয়ঘরা গ্রাম পঞ্চায়েতের বেলডাঙ্গী গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসান জাতীয় স্তরের এই কঠিন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক (AIR) ৫৬৫৮ লাভ করেছে।

৭২০ নম্বরের মধ্যে ৬১৭ নম্বর পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছে হাসান। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে জাতীয় স্তরে এমন সাফল্য পাওয়ায় পরিবার-পরিজন, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সকলেই তাঁর এই সাফল্যে গর্বিত এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

মোহাম্মদ হাসানের বাবা রবিউল ইসলাম, যিনি পেশায় একজন মৎস্যচাষি, আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা একটি মধ্যবিত্ত পরিবার। অনেক কষ্ট করে ছেলের পড়াশোনা চালিয়ে গিয়েছি। আজ ওর এই সাফল্যে আমরা খুবই আনন্দিত। আশা করি, ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে আমাদের এবং এলাকার নাম উজ্জ্বল করবে।”

স্থানীয়দের মতে, মোহাম্মদ হাসানের এই সাফল্য শুধু তাঁর পরিবারের নয়, গোটা বেলডাঙ্গী গ্রামের গর্ব। তাঁর এই কৃতিত্ব আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

গ্রামের মাটির কাছাকাছি থেকে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে জাতীয় স্তরে নিজের স্থান করে নেওয়া মোহাম্মদ হাসানের এই সাফল্য নিঃসন্দেহে উত্তর দিনাজপুর জেলার জন্য এক গর্বের মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *