
মালদা: হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতে ভাইরাল একটি ভিডিওকে ঘিরে তীব্র বিতর্ক। অভিযোগ, নির্বাচিত মহিলা প্রধানের পরিবর্তে তাঁর স্বামী প্রধানের চেয়ারে বসে সরকারি বিল ও নথিতে স্বাক্ষর করছেন। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলা প্রধান সামিমা পারভিনের স্বামী মহম্মদ আজহারউদ্দিন প্রধানের আসনে বসে সরকারি বিল-সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করছেন। ভিডিওতে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট মহম্মদ রফিকুল ইসলাম এবং নির্মাণ সহায়ক দেবাশিস কুণ্ডুকেও উপস্থিত থাকতে দেখা যায়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির দাবি, এটি পুরোপুরি বেআইনি। ভিডিওর সততা যাচাই করে প্রধানের স্বামী ও উপস্থিত পঞ্চায়েত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, নির্বাচিত প্রধানের পরিবর্তে অন্য কেউ কীভাবে সরকারি নথিতে স্বাক্ষর করলেন।