বুলডোজার দিয়ে দোকান ভাঙচুরের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন মালদার ব্যবসায়ীরা

Spread the love

মালদা , ১০ ফেব্রুয়ারি : বুলডোজার দিয়ে একের পর এক দোকান ভেঙ্গে দেওয়ার ঘটনায় এবারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন ব্যবসায়ীরা। মালদা শহরে বুলডোজার দিয়ে পর পর দোকান গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে। আটক করা হয়েছে সেই জেসিবিটিও। তাতেও ক্ষোভ কমেনি ব্যবসায়ীদের। মালদা চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে দাবি করা হয়েছে, মূল অভিযুক্ত রাজীব শর্মাকে গ্রেফতার করতে হবে। এবং নির্দিষ্ট কয়েকজন তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ কয়েকজন প্রমোটারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রভাবশালী নেতা ঘনিষ্ঠ কিছু প্রমোটারের অত্যাচার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স।

যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারদের নিয়ে ব্যবসায়ীরা ধর্নায় বসবেন। জাতীয় সড়কের ধারেই ব্যবসায়ীদের চলবে বিক্ষোভ সমাবেশ। যেহেতু মাধ্যমিক পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা চলছে, সেই কারণে জেলা জুড়ে বিক্ষোভ বা ব্যবসায়ীদের ধর্মঘট আপাতত করা হচ্ছে না। তবে মূল অভিযুক্ত গ্রেফতার না হলে জোরদার আন্দোলনে শুরু করবেন ব্যবসায়ীরা, জানিয়ে দিল মার্চেন্ট চেম্বার অফ কমার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *