
মালদা , ৩ ফেব্রুয়ারি : পরনে ধুতি। মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারে বিজেপি বিধায়ক। নজিরবিহীন এমন ছবি দেখা গেল মালদার গাজোল বিধানসভার পাতালসিং গ্রামে। ব্যক্তিগত উদ্যোগে বেহাল রাস্তা সংস্কারে এলাকাবাসীর সঙ্গে একেবারে ধুতি পড়ে মাথায় ডালি নিয়ে কাজ করলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন। ভোট বৈতরণী পাড় করতে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। কটাক্ষ ছুড়ে দিল তৃণমূল। যে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিন্তু কেন এমন করতে হলো বিজেপি বিধায়ককে। জানা গেছে গাজোলের মাঝরা অঞ্চলের পাতাল সিং গ্রামে রাস্তার করুণ পরিস্থিতি। স্বাধীনতার পর থেকে ওই গ্রামে কোনদিন পাকা রাস্তা হয়নি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল রাস্তার। গ্রামে ঢুকতে পারে না দমকল বা এম্বুলেন্স। বর্ষার সময় পরিস্থিতি এতটাই খারাপ থাকে। যানবাহন তো দূরের কথা। পায়ে হেঁটে চলার অযোগ্য ওই রাস্তা। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি মিললেও হয়নি রাস্তা। কিছুদিন আগে শ্রী রামচন্দ্রের পূজা উপলক্ষে ওই গ্রামে আমন্ত্রিত হয়ে যান বিধায়ক চিন্ময় দেব বর্মন। এলাকার মানুষ তার কাছে দাবি রাখে রাস্তা সংস্কারের। তারপরেই ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুই লক্ষ টাকা খরচে ভাঙ্গা ইট দিয়ে সাময়িক ভাবে রাস্তা সংস্কারের ব্যবস্থা তিনি করেন। এলাকাবাসীর সঙ্গে ঠিক একজন শ্রমিক হিসেবেই তিনিও কাজে নেমে পড়েন। কিন্তু এই ছবি সামনে আসতেই প্রশ্ন হচ্ছে এতদিন তবে কি করছিলেন বিধায়ক। কেনই বা তিনি আগে নিজের বিধায়ক তহবিল থেকে রাস্তা সংস্কারের ব্যবস্থা করেন নি। যদিও তৃণমূলের কাছে এই ঘটনা ভোটমুখী নাটক। তবে এসবের মাঝেই সাময়িক স্বস্তি পেল পাতাল সিংয়ের মানুষ। কিন্তু পাকা রাস্তার জন্য কবে তাদের ভাগ্যের শিকে ছিড়বে। সেটা তারা হয়তো নিজেরাও জানেন না।
