শুটআউট : কালিয়াচকে দুই যুবককে ডেকে নিয়ে গুলি, জমি লেনদেন নিয়ে শুটআউটের অভিযোগ, চাঞ্চল্য মালদায়

Spread the love

মালদা , ১ এপ্রিল : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দুই বন্ধুকে গুলি করে খুনের চেষ্টা চালানোর অভিযোগ উঠলো স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। একজনের পেটের বাম দেখে গুলি লাগায় তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে ইংরেজবাজার শহরের একটি নার্সিংহোমে। অপরজনের বাম পায়ে গুলি ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। তাকেও রক্তাক্ত অবস্থায় সিলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। বুধবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মোজামপুর গ্রাম পঞ্চায়েতের হারুচক এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, জায়গা ও জমির বেচাকেনা টাকার লেনদেনকে ঘিরেই এই শুট আউটের ঘটনাটি ঘটেছে। এদিকে বৃহস্পতিবার মালদার বৈষ্ণবনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা করার কথা রয়েছে । তার ঠিক ২৪ ঘন্টা আগেই ওই বিধানসভা কেন্দ্র থেকে ঢিল ছোড়া দূরত্বে সুজাপুরে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচকের এমন শুট আউটের ঘটনায় প্রশাসনিক মহলে চরম হইচই পড়ে গিয়েছে। ইতিমধ্যে দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের খোঁজ শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত গুলি বিদ্ধের নাম মহম্মদ রহমাতুল্লাহ (৩২) এবং এনামুল শেখ (৩০)। এরা সম্পর্কে দুই বন্ধু। এদিন বিকেলে কয়েকজন দুষ্কৃতী হারুচক এলাকার একটি ফাঁকা আম বাগানে ওই দুইজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে বলে অভিযোগ। শুটআউট

গুলিবিদ্ধ রহমতুল্লাহকে মালদার ইংরেজবাজার শহরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, রহমাতুল্লাহ পেটের বাম দিকের একপাশে গুলি লেগেছে। অপর আহত এনামুলের বাম পা ছুঁয়ে গুলি বেরিয়ে গিয়েছে। ফলে তাকে কালিয়াচক থানার সিলামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে গুলিবিদ্ধ রহমতুল্লাহর বাবা মুসা শেখ জানিয়েছেন , তিনি পেশায় মুদি ব্যবসায়ী। তার ছেলে এলাকায় জমি বেচাকেনার কাজ করেন। এই দিন দুপুরে ফোন আসলে তার ছেলে এক বন্ধুর সঙ্গে মোটর বাইক করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরই বিকালে যখন তিনি দোকানে বেচাকেনা করছিলেন তখনই জানতে পারেন কেউ বা কারা তার ছেলে ও অপর বন্ধুকে গুলি করে পালিয়েছে। কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, জমি ও জায়গা বেচাকেনার টাকার লেনদেনকে ঘিরেই এই গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। আহতদের কাছ থেকে হামলাকারীদের নাম জানা গিয়েছে। তদন্তের স্বার্থে এখনই সেই নাম প্রকাশ করা হচ্ছে না। অভিযুক্তদের খোঁজে গোটা এলাকা জুড়ে তল্লাশি শুরু করা হয়েছে। শুটআউট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *