
মালদা, ২৭ জুলাই: উত্তরপ্রদেশের জ্ঞানব্যাপী নিয়ে যখন আজও নানাভাবে বিতর্ক দেখা যায়। ঠিক একটা সময় বাবরি মসজিদ থেকে অযোধ্যা মন্দির তৈরি নিয়েও তৈরি হয়েছিল চরম বিতর্ক। এবারে মালদার আদিনা মসজিদ প্রাঙ্গনে আদিনাথ মন্দিরের শিবলিঙ্গের প্রতিষ্ঠাকে ঘিরেই তৈরি হল নতুন করে বিতর্ক। সোমবার দুপুরে হিন্দু সুরক্ষা সমিতির সদস্যদের উদ্যোগেই চার ফিটের একটি শিবলিঙ্গ অভিষেক অনুষ্ঠান কর্মসূচি অনুষ্ঠিত হয় আদিলা মসজিদ সংলগ্ন এলাকায়। আর সেই অনুষ্ঠানকে ঘিরে এদিন সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিশাল নিরাপত্তার ব্যবস্থা আয়োজন করেছিল গাজোল থানার পুলিশ। উপস্থিত হয়েছিলেন মালদার পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পদস্থ কর্তারা । কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই রীতিমতো পুলিশের ঘেরাটোপে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। আর তারই মধ্যেই এদিন ঢাকঢোল , ডিজে বাজিয়েই আদিনাথ মন্দিরে শিবলিঙ্গের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাধুসন্তরা এসেই পুজোতে সামিল হন। যদিও হিন্দু সুরক্ষা সমিতির কর্মকর্তাদের দাবি এই আদিনা মসজিদ ছিল একসময় আধিনাথ মন্দির। মোগল সাম্রাজ্যে এই মন্দির ভেঙ্গেই তৈরি হয়েছিল মসজিদ। তার পুরনো রূপ ফিরে পেতেই এইভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চলবে । যদিও এই আদিলা মসজিদের বিতর্কের বিষয় নিয়ে এখনও হাইকোর্টে মামলা চলছে।

উল্লেখ্য, গাজোল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের আদিনা এলাকায় মোগল আমলের সময় থেকে তৈরি হওয়া মালদার ঐতিহাসিক নিদর্শন কেন্দ্র আদিনা মসজিদ। সেই আদিনা মসজিদকেই পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে । আর এই আদিনা মসজিদকে নিয়েই দীর্ঘদিন ধরেই রয়েছে নানান বিতর্ক। হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস এদিনের এই কর্মসূচিতে উপস্থিত থেকে জানিয়েছেন, প্রায় ৮০০ বছর আগে মোগল শাসন আমলে একটি প্রাচীন হিন্দু মন্দির ভেঙে সেখানে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, আইনগত উপায়ে আদিনাথ মন্দিরের অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তাঁদের আন্দোলন চলবে এবং সেই উদ্দেশ্যেই শিবলিঙ্গটি আদিনায় নিয়ে এনে আদিনাথ শিবলিঙ্গ নাম দিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। তারকেশ্বর থেকে শুরু হওয়া এই যাত্রাপথে আরামবাগ, বর্ধমান, ভেদিয়া, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা অতিক্রম করে তাঁরা মানুষের আশীর্বাদ ও সমর্থন নিয়ে মালদার আদিনায় এসে এই কর্মসূচি পালন করেছেন।।
সংশ্লিষ্ট সংগঠন এবং হিন্দু সনাতনী সংগঠনের মুখ্য আহ্বায়ক কাজল গোস্বামী বলেন, এই আদিনা মসজিদের গা ঘেঁষে আজও গণেশ থেকে বিষ্ণুর সহ নানান দেবদেবীর মূর্তি রয়েছে। তৃণমূলের জামানায় হিন্দু ধর্মের প্রতি নানাভাবে লাঞ্ছিত করা হয়েছিল। আমরা আজও দাবি করে আসছি কয়েক’শ শতাব্দী পূর্বে এখানে আদিনাথ মন্দির ছিল। যা পরবর্তীতে ধ্বংস করেই আদিনা মসজিদ গড়ে তোলা হয়। যদিও এ নিয়েই হাইকোর্টে এখনো মামলা চলছে। তাই কোনও বিতর্কে না গিয়েই এদিন সুষ্ঠুভাবেই এই আদিনা চত্বরে ৫০ মিটার দূরে আদিনাথ মন্দিরের শিবলিঙ্গের অভিষেক কর্মসূচি উদযাপন করা হয়েছে।
মালদার পুলিশ সুপার অনুপম সিং বলেন, একটি হিন্দু সংস্থার উদ্যোগেই আদিনা সংলগ্ন এলাকার শিবলিঙ্গের প্রতিষ্ঠা হয়েছে। সেখানে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের ক্ষেত্রে সমস্ত রকম পুলিশি নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।