
মালদা: আমি জিতে গেছি।২০০ শতাংশ আত্মবিশ্বাসী। মনোনয়ন জমা দিতে এসে এমনটাই আত্মবিশ্বাসের সুর শোনা গেল হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমানের মুখে। বৃহস্পতিবার প্রথমে তুলসিহাটা থেকে নেতা কর্মীদের নিয়ে গাড়ি করে চাঁচলে।তারপর সুকান্ত মোড় থেকে মিছিল করে চাঁচল মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,আরেক জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুন সহ তৃণমূল নেতাকর্মীরা।

এই বিধানসভায় রাজ্যের বিদায়ী প্রতিমন্ত্রী তাজমুল হোসেনকে সরিয়ে প্রার্থী করা হয়েছে গরিবের বন্ধু নামে খ্যাত সমাজসেবক মতিবুর রহমানকে। প্রার্থী ঘোষণার কিছুদিন আগে তৃণমূল ভবনে ব্রাত্য বসুর হাত ধরে যোগদান করেন। হরিশ্চন্দ্রপুরে এবার চতুর্মুখী লড়াই।এই পরিস্থিতিতে তৃণমূল এই আসন ধরে রাখতে পারবে কিনা তার উত্তর দেবে সময়। তবে জয়ের ব্যাপারে মতিবুর যে সম্পূর্ণ আত্মবিশ্বাসী। তা এদিন সংবাদমাধ্যমের সামনে স্পষ্ট করে দেন।