
মালদা , ২১ আগষ্ট : মালদহের চাঁচলে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল মহিলা উপভোক্তা। শুক্রবার বিডিও দফতরে গিয়েও বিডিওর সঙ্গে দেখা না হওয়ায় নেতাজি মোড় সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেন তাঁরা। প্রায় এক ঘণ্টা অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি মাসের ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও চাঁচলের বেশ কিছু উপভোক্তার অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। বারবার বিডিও দফতরে গিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছিল। দ্রুত তাঁদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠাতে হবে। না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় বারবার প্রশাসনের দরজায় গিয়েও মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত ক্ষোভে রাস্তায় নেমে জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন অন্নপূর্ণা প্রকল্পের বঞ্চিত উপভোক্তা মহিলারা। বিডিও দফতরে গিয়েও বিডিওর সঙ্গে দেখা না হওয়ায় চাঁচলে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ। যার জেরে চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারীরা।