
মালদা, ২ নভেম্বর : মালদা জেলা প্রশাসনের নির্দেশনায় এবং মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে চালু হল অস্থায়ী ‘মালদা গ্রিন বাজি বাজার’। সোমবার রাতে মালদা শহরের এগ্রিকালচার ফার্ম ময়দানে ফিতে কেটে বাজি বাজারের উদ্বোধন করেন প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মালদা রেঞ্জের ডিআইজি অঞ্জলি সিং, বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান অম্লান ভাদুড়ি, জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমালা আগরওয়ালা, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি অসিত কুমার সাহা, সহ-সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক উত্তম বসাক-সহ অন্যান্য আধিকারিক এবং ব্যবসায়ীরা।

চেম্বার সূত্রে জানা গিয়েছে, এবছর এই বাজি বাজারে মোট ৫৪টি স্টল খোলা হয়েছে। এর মধ্যে তিনটি স্টলে মহিলা ব্যবসায়ীরা বাজি বিক্রি করছেন। আগামী ৯ নভেম্বর পর্যন্ত এই অস্থায়ী বাজার খোলা থাকবে। প্রশাসনের নির্দেশিকা মেনে বাজারে শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি বিক্রির ব্যবস্থা করা হয়েছে। নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে বাজি কেনাবেচার সুযোগ করে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা।