স্বাদে অনন্য ‘অক্সিজেন’! মালদার অজানা প্রজাতির আমে নতুন সম্ভাবনা, বৈজ্ঞানিক স্বীকৃতির অপেক্ষা

Spread the love

মালদা , ২৭ জুলাই : হিমসাগর, ল্যাংড়া বা ফজলির খ্যাতির মাঝেও মালদায় উঠে এসেছে এক নতুন আমের নাম—‘অক্সিজেন’। স্বাদ, সুগন্ধ এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য বৈশিষ্ট্যের জন্য এই বিরল প্রজাতির আম ইতিমধ্যেই নজর কেড়েছে আমপ্রেমীদের। মালদা শহরের রথবাড়ি এলাকার বাসিন্দা তথা ব্যবসায়ী ও গাছপ্রেমী টুনটুন সাহার বাড়িতেই রয়েছে এই বিশেষ আমের একমাত্র গাছ।

টুনটুন সাহার দাবি, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উৎপাদিত এই আম খেলে শরীর-মন সতেজ হয়ে ওঠার অনুভূতি থেকেই তিনি এর নাম রেখেছেন ‘অক্সিজেন’। একটি আমের দাম প্রায় এক হাজার টাকা পর্যন্ত উঠেছে। এছাড়া গাছ থেকে পাড়ার পর ১৫ থেকে ২০ দিন পর্যন্ত এই আম ভালো অবস্থায় সংরক্ষণ করা যায় বলেও তিনি জানান। কলকাতা ও দিল্লির বিভিন্ন আম মেলাতেও এই আম প্রশংসা কুড়িয়েছে।

এই আমের নমুনা ইতিমধ্যেই জেলা প্রশাসন, উদ্যানপালন দফতর এবং মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে পাঠানো হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দূষ্যন্ত কুমার রাঘব জানান, প্রাথমিকভাবে এই আমের স্বাদ ও বৈশিষ্ট্য যথেষ্ট ব্যতিক্রমী বলে মনে হয়েছে। বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পর প্রশাসনের কাছে আনুষ্ঠানিক নামকরণের আবেদন জানানো হবে। সরকারি স্বীকৃতি মিললে এই প্রজাতির চারা তৈরি করে বাণিজ্যিকভাবে চাষের উদ্যোগ নেওয়া হবে, যা মালদার আমচাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *